আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের রিজার্ভের চুরি হওয়া অর্থের বাকি টাকা ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ফেরত দিতেই হবে।
ম্যানিলা থেকে দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়স্থ নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে আলোচনার জন্য আইন মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল গত শনিবার ফিলিপাইনে যায়। এ প্রতিনিধি দল ম্যানিলায় সেদেশের মন্ত্রিসভার দু’জন সদস্য এবং সিনেটের সভাপতির সঙ্গে বৈঠক করেন। বুধবার রাতে প্রতিনিধি দলটি দেশে ফিরেন।
প্রতিনিধি দলের নেতা আইন মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে তাদের ফিলিপিন্স সফরকে সফল হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ফিলিপিন্স ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গাঢ়, সে কারণে চুরির টাকা ফেরত দিতে যত প্রকার সহযোগিতা প্রয়োজন, বাংলাদেশ সরকারকে সে-সহযোগিতা করতে ফিলিপিন্স সরকার প্রস্তুত।
আনিসুল হক বলেন, কথায়, কাজে ও বডি ল্যাংগুয়েজে তারা আমাদের এ বিষয়টি বুঝিয়েছেন। একথাও পরিষ্কারভাবে তারা বলেছেন, বাংলাদশের হয়ে এই অর্থ আদায়ের জন্য ফিলিপিন্স সরকার ও সিনেট লড়ে যাবে। -বাসস।
ইত্তেফাক/এমআই
