ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বকুলতলায় বসছে ১ম জাতীয় গম্ভীরা উত্সব। আজ শুক্র ও আগামীকাল শনিবার দু’দিনের এ উত্সব আয়োজন করেছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড়’। অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।
উত্সব উপলক্ষে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে দিয়াড়। বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম ধারা গম্ভীরা। মূলত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদা অঞ্চলে গম্ভীরার উত্স এবং প্রসার। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি সব এলাকা ও বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়। সমাজের নানা অসঙ্গতি-অনিয়ম ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে এবং সমাধান বাতলে দিয়ে লোকসঙ্গীতের এ ধারায় নিয়োজিত সংস্কৃতি কর্মীরা আগামীদিনে জাতীয় প্রেক্ষাপটে ভূমিকা রাখতে চান বলে জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিয়াড় আহ্বায়ক মুখলেসুর রহমান মুকুল, উপদেষ্টা অধ্যাপক মেসবাহ কামাল, ইফফাত আরা নার্গিস, মেসবাহ উর রহমান খসরু এবং লেখক-গবেষক জাহাঙ্গির সেলিম। সংস্থার সদস্যসচিব আনোয়ার হক বলেন, জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড়’ সময়ের সঙ্গে দেশ-জাতি-লোকসংস্কৃতি-প্রজন্মকে এগিয়ে নিতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে। সমন্বিত কর্ম প্রয়াসে আমাদের লোকসংস্কৃতি তথা ভিত্তিমূল আরো মজবুত হবে নিশ্চয়ই।
দু’দিনব্যাপী উত্সবে অংশ নিচ্ছে শিশু ও মহিলা দলসহ মোট ১০টি দল। আজ শুক্রবার উত্সবের উদ্বোধন করবেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। কাল শনিবার দ্বিতীয় দিনে উত্সবের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যাবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
ইত্তেফাক/এএন
