এখনো সবার দুয়ার খোলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৩২
 
আগের তিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনেক কিছুই দেখেছে।
 
সেঞ্চুরির উৎসব দেখেছে, ম্যাচ পাতানোর কেলেঙ্কারি দেখেছে, হাতাহাতি দেখেছে, বিতর্ক দেখেছে। কিন্তু এতো জমজমাট লড়াই আর কখনো বিপিএল দেখেনি। এই বিপিএলে কোনো ফেবারিট দল নেই, এই বিপিএলে কোনো লড়াইয়ের বাইরের দল নেই। এই বিপিএল ইতিহাসের সবচেয়ে উন্মুক্ত বিপিএল।
 
শুক্রবার মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা তৃতীয় জয় পেয়ে এই বিপিএলটাকে আরো উন্মুক্ত করে রাখলো। আজকের ম্যাচ দুটো শেষ না হওয়া অবদি অন্তত বলা যায়, এখনো সবগুলো দলের সামনেই সেরা চারে যাওয়ার স্বপ্নটা টিকে আছে। এদিন রাতে ঢাকা ডিনামাইটস ও চিটাগং ভাইকিংস ম্যাচের ফলাফল যাই হোক না কেনো, এখনো চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলার স্বপ্ন দেখছে রাজশাহী কিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।
 
প্রথমেই একটু এই চার দলের পয়েন্ট তালিকায় অবস্থানটা জেনে নেওয়া যাক। রাজশাহী ১১ ম্যাচে ও রংপুর ১০ ম্যাচে ১০ করে পয়েন্টের মালিক। কুমিল্লা ও বরিশাল ১১ ম্যাচে এখন অবদি ৮ পয়েন্টের মালিক।
 
স্বাভাবিক বোধ বলে, কুমিল্লা ও বরিশালের সুযোগটা সবচেয়ে কম এবং রংপুরের সুযোগটা সবচেয়ে বেশি।
 
কিন্তু রংপুর যদি তাদের অবশিষ্ট দুই ম্যাচে ও রাজশাহী বাকি ম্যাচটাতে হেরে যায় এবং কুমিল্লা ও বরিশাল বাকি একটি করে ম্যাচে জেতে, তাহলে চার দলের পয়েন্ট সমান হয়ে যাবে।
 
আজ থেকে দুই দিনে বাকি আছে আর চারটি ম্যাচ। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও বরিশাল। এই ম্যাচে রংপুর জিতে গেলে বরিশাল ও কুমিল্লার স্বপ্ন শেষ। তবে এই ম্যাচে বরিশাল জিতলে টিকে থাকবে তাদের স্বপ্ন। আবার দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের সঙ্গে লড়বে রাজশাহী কিংস। আগের ম্যাচে রংপুর জিতলে এবং পরের ম্যাচে রাজশাহী জিতলে লড়াই থাকবে এই দুই দলের মধ্যে। আর রংপুর ও রাজশাহী দু দলই হারলে লড়াই পরের দিন অবদি যাবে।
 
পরের দিন কুমিল্লার খেলা রংপুরের সঙ্গে। তখন এই ম্যাচটা পরিণত হবে সেরা চারে ওঠার ফাইনালে। এই ম্যাচে রংপুর জিতলে কুমিল্লা ও বরিশাল বাদ। যদি আগের দিন রাজশাহী ও রংপুর জিতে থাকে, তাহলে শেষ দিনে রংপুরের জয় আবার এই দুই দলকে রানরেটের হিসেবে মুখোমুখি করে দেবে।
 
এবার বিপিএলে একাধিক দলের পয়েন্ট সমান হলে লড়াইটা হবে রানরেটের। সে হিসেবে সবার মধ্যে এগিয়ে আছে রাজশাহী। তবে কুমিল্লা ও বরিশালের ম্যাচ বাকি থাকা এবং ‘রাজশাহীর হারতে হবে’ এমন সমীকরণ থাকায়, রানরেটে বিস্তর পরিবর্তন আসবে। চার দলের পয়েন্ট সমান হলে রংপুর রানরেটের কারণেই লড়াই থেকে ছিটকে যাবে। কারণ তারা বাকি দুই ম্যাচে না হারলে চার দলের পয়েন্ট সমান হবে না এবং দুই ম্যাচ হারলে রানরেট আরো খারাপ হয়ে তলানিতে চলে যাবে।
 
ইত্তেফাক/আরএ