বৃষ্টি দিনে শীর্ষে দোলেশ্বর ও প্রাইম ব্যাংক

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:৫০

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে ১০ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ছিলো আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল তাদের ছুয়ে ফেললো প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। এ ছাড়া গতকাল ষষ্ঠ রাউন্ডের খেলায় জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ফতুল্লায় বিকেএসপিকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করা বিকেএসপি ১৬০ রানে অলআউট হয়েছিলো। বিকেএসপির প্রথম ৫ ব্যাটসম্যানই শুরু পেয়েছেন, ইনিংস বড় করতে পারেননি। এর ফল হিসেবেই ৪৪.৪ ওভারে অলআউট হয়ে যায় তারা। আরফাত সানি, সৈকত আলী ও এনামুল হক জুনিয়র ২টি করে উইকেট নেন।

জবাবে প্রাইম দোলেশ্বরও দারুণ বিপদে পড়েছিলো। তারা ৫০ রানে হারিয়ে ফেলেছিলো ৪ উইকেট। ম্যাচসেরা তাইবুর রহমান ৬১ ও সৈকত আলী ৪৩ রান করে এখান থেকে দলকে টেনে তোলেন। ৫ ওভার বাকী থাকতে জয় পায় তারা।

বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। আগে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে ১৯৭ রান করেছিলো ব্রাদার্স ইউনিয়ন। জুনায়েদ সিদ্দিকী ৭৪ রান করেন। এ ছাড়া চিরাগ জানি ৫৪ রান করেন। ব্রাদার্সের ইনিংসের ২৪ ওভার শেষে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। এরপর ৩৬ ওভার শেষে আলোক স্বল্পতার জন্য আবার খেলা বন্ধ থাকে। ফলে খেলা ৪০ ওভারে নামিয়ে আনা হয়।

ডিএল পদ্ধতিতে শাইনপুকুরের লক্ষ্য দাঁড়ায় ২৩৯ রান। দুই ওপেনার বিনা উইকেটে ৬১ রান তুলে সে পথে অনেকটাই এগিয়ে দেন। সাদমান ৭৭ রানের ইনিংস খেলেন। এরপর তিন নম্বরে নামা উন্মুক্ত চাঁদ ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ফেরেন।

মিরপুরে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক ছিলেন রেকর্ড করা আব্দুর রাজ্জাক। ডিএল পদ্ধতিতে প্রাইম ব্যাংক ৫৭ রানে হারায় উত্তরা স্পোর্টিংকে। আগে ব্যাট করা প্রাইম ব্যাংক ৩৮ ওভারে ৭ উইকেটে ২৩০ রান করে। ২২.৩ ওভার থেকে খেলা বন্ধ ছিলো বৃষ্টিতে। এরপর ৩৮ ওভারের ম্যাচ নির্ধারিত হয়। উত্তরা স্পোর্টিংয়ের লক্ষ্য ছিলো ৩৮ ওভারে ২৪০ রান। আগে ব্যাট করা প্রাইম ব্যাংকের ভালো স্কোর আসে আল আমিনের ৬০ রানে ভর করে। পরে ব্যাট করা উত্তরা স্পোর্টিংয়ের প্রথম তিন ব্যাটসম্যান ৩০ রান পার করলেও কেউ বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। রাজ্জাক ১৫ রানে ৪ উইকেট তুলে নেন।

সংক্ষিপ্ত স্কোর

বিকেএসপি-প্রাইম দোলেশ্বর

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান:

৪৪.৪ ওভারে ১৬০/১০ (নাবিল ৩০, আকবার ২৮, জয় ২২, শামীম ২০; আরফাত সানি ২/২৯, সৈকত আলী ২/৩৮, এনাম জুনিয়র ২/৩৯)।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৪৫ ওভারে ১৬৫/৭ (তাইবুর ৬১*, সৈকত আলী ৪৩; তানজিম ৩/৩৫, নউশাদ ২/২৭)।

ফল: প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তাইবুর রহমান।

ব্রাদার্স ইউনিয়ন-শাইনপুকুর

ব্রাদার্স ইউনিয়ন: ৪০ ওভারে ১৯৭/৫ (জুনায়েদ ৭৪, জানি ৫৪, ইয়াসির আলী ৩৯*; শুভাগত ২/৩৭, শরিফুল ২/৩৮)।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৩৫.৪ ওভারে ২৩৯/২ (উন্মুক্ত ৯০*, সাদমান ৭৭, হূদয় ৩৩*, সাব্বির হোসেন ৩০)।

ফল: শাইনপুকুর ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উন্মুক্ত চাঁদ।

প্রাইম ব্যাংক—উত্তরা স্পোর্টিং

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৮ ওভারে ২৩০/৭ (আল আমিন ৬০, সালমান ৩৭, এনামুল বিজয় ৩৬, ঈশ্বরন ৩৫, মিলন ২৫*; ইমন ৩/২৪, পায়েল ২/২৯)।

উত্তরা স্পোর্টিং: ৩৮ ওভারে ১৮২/৮ (হুমায়ুন ৩৯*, তানজিদ ৩৫, ইমন ৩৩, মোহাইমেনুল ৩০; রাজ্জাক ৪/১৫, নাঈম হাসান ২/৪২)।

ফল: প্রাইম ব্যাংক ৫৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আব্দুর রাজ্জাক।