রাজ্জাকের অনন্য কীর্তির দিন

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:০৮

স্পোর্টস রিপোর্টার

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেট তার দখলে। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটেও অনন্য এক কীর্তি গড়লেন আব্দুর রাজ্জাক। প্রায় ৩৭ ছুঁইছুঁই  বাঁ-হাতি এই স্পিনার গতকাল প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’-তে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে যখন মাঠে নামেন তখন তার নামের পাশে লেখা ছিল ৩৯৯টি উইকেট। উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজ্জাক পান চারটি উইকেট। আট ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে একটি মেইডেন-সহ তিনি নেন এই চার উইকেট।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচটিতে ৫৭ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। উত্তরার আনিসুল ইসলাম ইমনকে বোল্ড করে হয়ে যান লিস্ট-এ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেট শিকারি। পরে আরো আউট করেছেন আবরার আলম, মিনহাজুল আবেদিন ও শাখির হোসেনকেও। রাজ্জাকের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

ক্যারিয়ারের ২৬৯তম লিস্ট ‘এ’ ম্যাচে গিয়ে এই মাইলফলক ছুঁলেন রাজ্জাক। এর মধ্যে আন্তর্জাতিক ওয়ানডেতে ১৫৩টি ম্যাচে তিনি নিয়েছেন ২০৭টি উইকেট। রাজ্জাকের লিস্ট ‘এ’-তে উইকেট সংখ্যা এখন ৪০৩। এই পথে নয়বার পাঁচ উইকেট ও ১১ বার চার উইকেট পেয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও তার। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

জাতীয় দলের স্পিন আক্রমণের এককালে মূল ভরসা ছিলেন এই আব্দুর রাজ্জাক। যদিও রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ২০১৪ সালের ২৭ আগস্ট। শেষ ম্যাচটি ছিল টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজের। যদিও গত বছরই শ্রীলংকার বিপক্ষে অনেকদিন বাদে টেস্টে ডাক পেয়ে একটা ম্যাচও খেলেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বাংলাদেশিদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট সংখ্যায় রাজ্জাকের পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২৮০ ম্যাচ থেকে মাশরাফির সংগ্রহ ৩৯১ উইকেট। তার সামনেও রয়েছে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগ। ৪০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র নয়টি উইকেট দূরে আছেন তিনি।

এই তালিকার মাশরাফির পর তিনে ৩০৭ উইকেট নিয়ে আছেন সাকিব আল হাসান। চারে থাকা ফাস্ট বোলার রুবেল হোসেনের উইকেট ২৩৬। ২৩৩ উইকেট নিয়ে ৫ নম্বরে অবস্থান করছেন আরেক পেসার ফরহাদ রেজা। তবে, রাজ্জাক এগিয়েই থাকবেন মাশরাফির চেয়ে। কারণ, মাশরাফি এরই মধ্যে ২৮০টি ম্যাচ খেলে ফেলেছেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে রাজ্জাক জানালেন, রেকর্ডের কথা মনেও ছিল না তার। বললেন, ‘মাইলফলকের কথা আমার জানা ছিল না। পরিসংখ্যান খুব একটা অনুসরণ করি না। আপনাদের কাছ থেকেই শুনি।’

যদিও, ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত তিনি, ‘একটা খেলোয়াড়ের জন্য প্রতিটি মাইলফলক স্পর্শ করা সব সময়ই বিশাল ব্যাপার। আমারও ব্যতিক্রম কিছু না। এখনো আমি উপভোগ করি। ভালো করলে ভালো লাগে। খারাপ খেললে খারাপ লাগে। সব সময়ই বড় কথা ক্রিকেটটা এখনো উপভোগ করি।’

এই বয়সেও এমন তুখোড় ফর্ম, রহস্যটা কি? রাজ্জাক বললেন, ‘মনোযোগী থাকা উচিত সবাইকে। মনোযোগী হতে হলে ফিটনেস ধরে রাখতে হবে। ফিটনেস ঠিক থাকলে মনোযোগী থাকাটা সহজ হয়ে যায়। ক্রিকেট খেলার সময় বাইরের জিনিস নিয়ে বেশি চিন্তা করা ঠিক নয়। হতে পারে একেক জনের একেক রকম লাইফ স্টাইল। আমার কাছে খেলার সময় অন্য কিছু ভাবতে পারি না। পরিবার এখনো অনেক সাপোর্ট দেয়। পরিবারকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্ট ঠিকমতো না পেলে কঠিন হয়ে যেত আমার জন্য। কতদিন খেলব, ঠিক করিনি। যতদিন ফিট থাকব খেলব। আগেই বলেছি যতদিন উপভোগ করব ততদিন খেলব।’

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক পাকিস্তানের কিংবদন্তিতুল্য পেসার ওয়াসিম আকরাম। সাবেক এই বাঁ-হাতি ৫৯৪টি ম্যাচ খেলে পেয়েছেন ৮৮১টি উইকেট।

লিস্ট ‘এ’-তে বাংলাদেশের

সেরা পাঁচ

বোলার                      ম্যাচ সংখ্যা         উইকেট

আব্দুর রাজ্জাক        ২৬৯             ৪০৩

মাশরাফি বিন মুর্তজা    ২৮০                 ৩৯১

সাকিব আল হাসান       ২৩৯                 ৩০৭

রুবেল হোসেন            ১৬৪                 ২৩৬

ফরহাদ রেজা              ১৮৩                 ২৩৩