৮ম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী ‘ওভারকাম’ নিয়ে মঞ্চে আসছেন তরুণ মূকাভিনেতা মীর লোকমান। ‘বিজয়ের আলোয় সমুদ্ভাসিত হোক নির্বাক শব্দমালা’-প্রতিপাদ্য নিয়ে সমসাময়িক ১০টি স্কেচ মাইমের সমন্বয় ৭০ মিনিটের এই মূকাভিনয় প্রযোজনা। আগামী ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মূল মিলনায়তনে প্রদর্শিত হবে ‘ওভারকাম’।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সংঘর্ষ ও মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বর নিপীড়নে দৃশ্য সহ চলমান পৃথিবীর যুদ্ধ পীড়িত দেশ সমূহের অমানবিক পরিস্থিতিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিজয়ের বহু বৎসর পরেও কাঙ্ক্ষিত স্বাধীনতাকে খুঁজে বেড়ানো হয়েছে এই প্রযোজনায়।
মীর লোকমানের হাত ধরে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় শিল্পের যাত্রা শুরু হয়। ২০১১ সালের ২৭ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন(ডুমা)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে এবং দেশের বাইরে ৩০০টির অধিক প্রদর্শনী করেছে। মীর লোকমান ইতোমধ্যে নিজের ৭টি পূর্ণাঙ্গ একক প্রদর্শনীতে পারফর্ম করেছেন।
IMG0
লোকমান বলেন, মূকাভিনয় নিছক কোন বিনোদন মাধ্যম নয়। এটি এমন একটি প্রাচীন শিল্প, যা শোষকদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে শক্ত হাতিয়ার হতে পারে, যা কিনা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার।
‘ওভারকাম’র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, প্রদর্শনীর টিকিট মূল্য থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত দু’জন শিক্ষার্থীর মাঝে প্রদান করা হবে।
ইত্তেফাক/এমএআর
