আর্জেন্টিনার স্বস্তির জয়

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:১০

স্পোর্টস ডেস্ক

রেফারির শেষ বাঁশির সাত মিনিট আগে দেওয়া অ্যাঞ্জেল কোরিয়ার একমাত্র গোলে স্বস্তির জয় পেল লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। গত মঙ্গলবার রাতে মরক্কোর বিরুদ্ধে পাওয়া এ জয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আর কিছু না হোক মনোবল বাড়াতে কাজ দেবে। বিশেষ করে ভেনিজুয়েলার বিরুদ্ধে আগের খেলাটিতে মেসিকে নিয়েও পরাজিত হওয়ায়।

খেলা শেষে কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য জয়ের চেয়েও আসন্ন কোপা আমেরিকা নিয়েই কথা বলেন বেশি। তিনি জানান, ইতোমধ্যে টুর্নামেন্টটির জন্য দল গড়া ৭০ ভাগ সম্পন্ন হয়েছে।

কোরিয়া বদলি হিসেবে মাঠে এসেই গোলটি করেন। নইলে সপ্তাহটি ভালো যাচ্ছিল না কোচ স্ক্যালোনির দলের। গত সপ্তাহে মাদ্রিদে মেসির বিশ্বকাপ শেষে আবার দলে ফেরার ম্যাচেই ৩-১ গোলে ভেনিজুয়েলার কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।

পাওলো দিবালা এদিন মরক্কোর তাঞ্জিয়ার্সে অনুষ্ঠিত খেলাটিতে আক্রমণভাগে নেতৃত্ব দেন। মেসি, সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়ার অনুপস্থিতিতেই মরক্কোর মুখোমুখি হয়েছিল দলটি। কিন্তু দিবালা প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ফলে জাতীয় দলের হয়ে এরকম দুর্দশার কারণে এখন পর্যন্ত জুভেন্তাস স্ট্র্রাইকারটির গোল কেবল একটি। দিবালার মতোই এই রাতে অকার্যকর ছিলেন তার সাথেই আক্রমণভাগে থাকা মার্টিনেজ।

স্বভাবতই খুব কম সুযোগ পায় তারা। প্রথমার্ধ ছিল উভয় দলের জন্যই মাথা গরম করা। যে কারণে চারবার হলুদ কার্ড দেখাতে হয়েছিল রেফারিকে। দ্বিতীয়ার্ধে তীব্র বাতাসের কারণেও খেলা কঠিন ছিল।

কোরিয়া অবশ্য এর মধ্যেই একবার সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন। ব্রাজিলে কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। জুনে শুরু হবে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সবচেয়ে বড় এ আসর। আর তাতে কলম্বিয়ার বিরুদ্ধে খেলা দিয়ে শুরু হবে আর্জেন্টাইনদের শিরোপা পুনরুদ্ধারের মিশন।

কোচ স্ক্যালোনি এদিন যে দলটিকে নামান, তা গত শুক্রবারের চেয়ে ছিল একেবারেই ভিন্ন। তারপরও আর্জেন্টিনার চেয়ে ৩২ ধাপ নিচের একটি দল যেভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তা আর্জেন্টিনা কোচের জন্য চিন্তার বিষয়। কোরিয়ার শেষ মুহূর্তের গোল তাদের বহু প্রত্যাশিত জয় এনে দিলেও আর্জেন্টিনার সমর্থকরা তাতে সন্তুষ্ট হবে না।

সঙ্গতকারণেই স্ক্যালোনিকে এখন কোপা আমেরিকায় রাশিয়া বিশ্বকাপের দুর্গতি বরণ করতে না চাইলে নাটকীয় উন্নতি করতে হবে। কোচ অবশ্য আগেই জানিয়েছেন লিওনেল মেসি কোপা আমেরিকায় খেলবেন।