শেহজাদের নিষেধাজ্ঞা কমলো

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:২৫
শাস্তির মেয়াদ কমানো হল রংপুর রাইডার্সের আফগানিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানি এই ব্যাটসম্যানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল আয়োজক কমিটি।
 
পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে করা আপীলের পরিপ্রেক্ষিতে শেহজাদের নিষেধাজ্ঞার মেয়াদ দুই ম্যাচ থেকে কমিয়ে এক ম্যাচ করা হয়েছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেহজাদকে অভিযুক্ত করা হয়।
 
এ অপরাধের কারণে তার ম্যাচ ফির ৩০ শতাংশ কর্তনের পাশাপাশি টুর্নামেন্টের পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে তার রেকর্ডে যুক্ত করা হয় চারটি ডি মেরিট পয়েন্ট। নিজেদের খেলোয়াড়ের শাস্তির বিরুদ্ধে রংপুর রাইডার্স বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে গত ৩০ নভেম্বর আপীল করলে শেহজাদের ওপর থেকে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে এক ম্যাচ করা হয়।
 
ইত্তেফাক/এসএস