অভিষেক ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে নেমেই চমক দেখালেন ডান-হাতি অফ-স্পিনার আফিফ হোসেন। চতুর্থ আসরের ৪০তম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক রাজশাহী কিংসের আফিফ।
আফিফের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান করতে পেরেছে চিটাগাং। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন রাজশাহীর অধিনায়ক ওয়েস্ট ইন্ডিয়ান ড্যারেন স্যামি। ইনিংসের প্রথম বলেই ক্যারিবিয়ান কেসরিক উইলয়ামস ফিরিয়ে দেন চিটাগাং-এর অধিনায়ক তামিম ইকবালকে।
তামিমের পথ অনুসরণ করে এরপর প্যাভিলিয়নে ফিরতে থাকেন দলের অন্যান্য ব্যাটসম্যানরাও। আসলে ১৭ বছর বয়সী আফিফের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করেন চিটাগাং-এর স্বীকৃত ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ৫, জহিরুল ইসলাম ১৩, জাকির হোসেন ৩, সাকলাইন সজীব ১ ও পাকিস্তানী ইমরান খান শূন্য রানে আফিফের শিকার হন। ফলে ১শ’র নিচে গুটিয়ে যাবার শংকায় পড়ে চিটাগাং।
কিন্তু পাকিস্তানের শোয়েব মালিকের অপরাজিত ৬৭ রানে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় চিটাগাং। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন মালিক। আফিফ ২১ রানে ৫ উইকেট নেন। ক্রিকবাজ।
ইত্তেফাক/এসএসএ
