স্পোর্টস রিপোর্টার
জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত আইটিএফ ডিভিশন ২ এর এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বাছাইকৃতদের নিয়ে আইটিএফ ডিভিশন ১-এর দল গঠন করা হবে। যেখানে বাংলাদেশের তিন জন খেলোয়াড় ডাক পেয়েছেন। তারা হলেন মাহাদী হাসান আলভি, রুমান হোসেন, মাসফিয়া আফরিন। থাইল্যান্ডে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এই খেলোয়াড়দের নেয়া হয়। অনূর্ধ্ব-১৪ ডিভিশন ১-এর খেলা আগামী ৫-১৮ মে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হবে। যেখানে এশিয়ার টপ র্যাংকিং দেশ চীন, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম, বাংলাদেশ অংশগ্রহণ করবে। ফেডারেশন সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ জানিয়েছেন এবারই প্রথম একসঙ্গে তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছে। এদের মধ্যে প্রথম বারের মতো কোনো নারী সদস্য হচ্ছে মাসফিয়া আফরিন। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। আমরা টেনিস নিয়ে কাজ করছি সেটাই প্রতিফলন ঘটছে। ছেলে মেয়েরা পরিশ্রম করছে। বাংলাদেশের খেলোয়াড়দের বিমান ভাড়া, সেখানে অবস্থানকালীন সব খরচ আইটিএফ বহন করবে। গোলাম মোরশেদ এশিয়ান টেনিস ফেডারেশরেনর বোর্ড সদস্য এবং সম্প্রতি ৫ বছরের জন্য সার্ক ওপেন টেনিস টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
