‘মুক্তিযুদ্ধে ক্রীড়াবিদদের অংশগ্রহণ বিশ্বে বিরল ঘটনা’

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

মুক্তিযুদ্ধে ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন বিশ্বের আর কোনো দেশে ফুটবল খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত  ও অর্থ তোলার নজির নেই।

গতকাল বুধবার বিকালে বিএসজেএ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আলোচনা। এতে দেশের মুক্তিযুদ্ধে বিরল ঘটনার সাক্ষী হবার পরও পুরো স্বাধীন বাংলা ফুটবল দলের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া তার জন্য কষ্টের বলে জানিয়েছেন অধিনায়ক জাকারিয়া পিন্টু। তার মতে, ব্যক্তিগতভাবে এক-দু’জন পুরস্কার পেলেও দলীয়ভাবে জাতীয় দুটি সর্বোচ্চ পুরস্কারের একটি অন্তত এতদিনে পাওয়া উচিত ছিল। স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা ও অন্যতম সদস্য শেখ আশরাফ আলী নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। আলোচনায় আরো অংশ নেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং বিএসজেএ’র প্রতিষ্ঠাতা সদস্য ও ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত্ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিএসজেএ’র সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনিসহ অন্য সদস্যরা।

আলোচনার বড় অংশ জুড়ে স্বাধীন বাংলা ফুটবল দলের সোনালী অতীতের স্মৃতিচারণ থাকলেও, মুক্তিযুদ্ধকালীন সময়ে ক্রীড়াঙ্গনের অন্য ইভেন্টের ক্রীড়াবিদদের কর্মকাণ্ড কি ছিল তারও কিছু দৃষ্টান্ত তুলে ধরেন আলোচকরা। উঠে আসে ক্রিকেটার শহীদ জুয়েল ও সাঁতারু অরুণ নন্দীর কথা। দলের ইতিহাস স্মরণ করতে গিয়ে তিনি এক পর্যায়ে অশ্রুসিক্ত হলে আবেগে রুদ্ধ হন উপস্থিত সবাই।

ফুটবলার কাজি সালাহউদ্দিনের নাম তূর্য হাজরা হওয়ার ঘটনাও উঠে আসে এই সভায়। প্রতাপ হাজরা বলেন,‘সালাহউদ্দিনের পরিবার ঢাকায় ছিল। ওর পরিবারের নিরাপত্তার বিষয় চিন্তা করে নাম পরিবর্তন হয়েছিল। সালাহউদ্দিনের ডাক নাম তূর্য জানতাম। তূর্যর সাথে আমার হাজরা যোগ করে দেই। ’