রংপুরকে ১৭১ রানের টার্গেট দিলো কুমিল্লা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:২০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সেকে ১৭১ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ইমরুল কায়েসের ৫২ রানের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে গতবারের চ্যাম্পিয়নরা।
 
এদিন ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস ও পাকিস্তানের খালিদ লতিফ। ৬২ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দলের বড় স্কোরের পথ তৈরি করার পথে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদও পান ইমরুল।
 
তবে হাফ-সেঞ্চুরির পর ৫২ রানেই থেমে যান ইমরুল। ৩৫ বলে ৭টি চার ও ২টি ছক্কা হাকাঁন তিনি। আরেক ওপেনার খালিদ লতিফ করেন ৪৩ রান। তার ৩৬ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিলো।
 
দলীয় ১০৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের স্কোরকে মজবুত করেছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, পাকিস্তানের আসার জাইদি ও আফগানিস্তানের রশিদ খান। স্যামুয়েলসের ২৪ বলে ৩০, জাইদির ১১ বলে ১৭ ও রশিদের ৪ বলে ১১ রানে বড় স্কোরই পায় কুমিল্লা। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও রুবেল হোসেন।
 
সংক্ষিপ্ত স্কোর :
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭০/৬, ২০ ওভার (ইমরুল ৫২, লতিফ ৪৩, সানি ২/৩০)।
 
ইত্তেফাক/এমএইচ