ভারত যাচ্ছে ১০০ বাংলাদেশি তরুণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৩
ভারতের শিক্ষা, ব্যবসায়, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময় এবং ঐতিহাসিক স্থান ও বাণিজ্যিক কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন ১০০ বাংলাদেশি তরুণ। 
 
৫০ জন তরুণ ও ৫০ জন তরুণীদের মধ্যে রয়েছেন চিকিৎসক. শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, কলা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সমাজকর্মী।
 
বাংলাদেশ যুব প্রতিনিধি দলের এই ভারত যাত্রা উপলক্ষে ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। প্রতিনিধি দলটি ৮ দিনের সফরে ভারতের বিভিন্ন শহর নয়া দিল্লি, আগ্রা, আহমেদাবাদ এবং কোলকাতা সফর করবে।
 
সফরকালে দলটি  ভারতের শিক্ষা, ব্যবসায়, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রসমূহ পরিদর্শন করবে।
 
ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবও বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধনশ্রিংলা।
 
এ সময় অতিথিরা প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বাংলাদেশ ক্রিকেট দলের স্বনামধন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ এবং মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উপস্থিত ছিলেন। 
 
বাংলাদেশ যুব প্রতিনিধি দলের এবারের সফরটি পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এইরকম একটি বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০১২সালে প্রথমবারের মতো ভারত সফর করে এবং সেই থেকে প্রতি বছর এই সফর আয়োজিত হয়ে আসছে।
 
ইত্তেফাক/এমএইচ