রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ, অভিযোগ গঠন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮
ভূমি মন্ত্রণালয়ের স্বারক জালিয়াতি মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে রবিবার ৬ জনের রিভিউ সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
 
এদিকে প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। 
 
রবিবার সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দুটির সাক্ষ্যগ্রহণ ও অভিযোগ গঠন করা হয়। 
 
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় রিভিউ সাক্ষ্য দেন সিলেটের সাবেক জেলা প্রশাসক ফয়সল আলম ও সিনিয়র সহকারী সচিব ইমদাদুল হকসহ  ৬ জন। এ নিয়ে এ মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এ ছাড়া প্রতারণার মামলায় রাগীব আলীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ১০ জুলাই আদালতে দুটি মামলার অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান। এ প্রেক্ষিতে গত ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিন  বিকেলে সপরিবারে জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে ভারত পালিয়ে যান তারা। পরে ২৪ নভেম্বর ভারতে গ্রেপ্তারের পর রাগীব আলীকে দেশে এনে কারাগারে পাঠানো হয়। এছাড়া ১২ নভেম্বর ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি