রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৮ মার্চ নির্বাচনী কর্মকর্তাদের গাড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারের ঘটনাস্থল মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
গতকাল বুধবার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে, আরো চলবে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্য প্রদান করা হবে বলেও তিনি জানান।
বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, তারা নির্বাচনের দিন কেন এই হত্যাকাণ্ড ঘটানোর সময় বেছে নিলেন, এর পেছনে কি উদ্দেশ্যে আছে- তা খতিয়ে দেখা হবে।
