সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নগরীর উন্নয়নে এগিয়ে আসতে হবে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:২৫

সিসিক মেয়র

সিলেট অফিস

সিলেট সিটি স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় বুধবার নগরীর মিরাবাজারস্থ স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে।

সিলেট সিটি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর উন্নয়নের জন্য আমাদের একে অন্যের সহযোগিতার প্রয়োজন, তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নগরীর উন্নয়নে এগিয়ে আসতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে তিনি বাচ্চাদেরকে মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার জন্য তাগিদ দেন এবং  যাতে করে তাদের লেখাপড়ার বিঘ্ন না ঘটে সে বিষয়ে তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মিছবাহ উল হক ও শিক্ষার্থী এমদাদুল হাসান এবং কর্ণিয়া কানিজের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান, ভাইস চেয়ারম্যান আবু আইয়ুব আনসারী, সেক্রেটারি অ্যাডভোকেট তোফায়েল আহমেদ। অন্যান্যের মধ্যে আয়কর আইনজীবী মো. কামাল আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।