সুনামগঞ্জে হাওর আন্দোলন নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া (৪৭) হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মো. শ্রাবনুজ্জামান শ্রাবণ (২৯) কে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁ থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তারের পর সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত শ্রাবণ ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান জানান, হত্যাকাণ্ডে ১০ হাজার টাকা লেনদেনের একটি তথ্য আমরা পেয়েছি। ১০ হাজার টাকার বিনিময়ে কেউ এই হত্যাকাণ্ডে তাকে ভাড়া করে। আমরা বিষয়টি তদন্ত করছি। যারা জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মো. আবু তারেক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কর্মকর্তা শহীদুল্লাহ, ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন, ডিবি ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী, ওসি অপারেশন আহমেদ মঞ্জুর মুরশেদ ও টিআইও মো. সামছুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে পরে চিকিত্সাধীন অবস্থায় ১৭ মার্চ তিনি মারা যান।