চট্টগ্রামে ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার আসামি রিমান্ডে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:২৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় গ্রেফতার আসামি আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শহীদুল্লাহ কায়সার গতকাল বুধবার এই আদেশ দেন। গত ২০ মার্চ নগরীর চান্দগাঁও এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়াজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।