নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মুস্তাফিজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২
সব শঙ্কার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাকে নিয়ে আর কোনো শঙ্কা নেই। সে এখন পুরোপুরি ফিট।
 
বল হাতে দ্রুতই উন্নতি করছেন বাংলাদেশের এই তরুণ পেসার।  গতকালও জাতীয় দলের ফিজিও, বিসিবির চিকিত্সকদের নেয়া ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ। শুধু মুস্তাফিজই নন গতকাল বিসিবি একাডেমি মাঠে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন রবি পেসার হান্ট থেকে উঠে আসা পেসার এবাদত হোসেন চৌধুরীও। তাই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়াগামী বিমানে মুস্তাফিজ-এবাদতের উঠে পড়া নিয়ে আর কোনো সংশয় রইল না।
 
বিসিবির চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজকে (রবিবার) সকালের প্র্যাকটিস সেশনে মুস্তাফিজ ও এবাদত দু’জনই বোলিং করেছে। ওরা দু’জনই বোলিং সামর্থ্যের ৮০-৯০ তীব্রতায় বল করেছে। আমাদের ট্রেনার খুবই খুশি এ দু’জনের অগ্রগতি নিয়ে। এবং আরো আনন্দের কথা হচ্ছে ওরা দুই স্পেলে বোলিং করতে  পেরেছে। কোনো ধরনের জড়তা ছাড়াই ৮০-৯০ ভাগ ফিটনেস অর্জন করেছে। এখন ৮০-৯০ ভাগ তীব্রতা থাকা মানেই কিন্তু প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করেছে।’
 
ইত্তেফাক/এমএইচ