প্রতীক পেয়ে জোর প্রচারণায় প্রার্থীরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:১৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে গতকাল প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা নূরুজ্জামান তালুকদার। মেয়র পদে আওয়ামী লীগসহ ১৪ দলের একক প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভীকে ‘নৌকা’, বিএনপিসহ ২০ দলের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ‘ধানের শীষ’ দেওয়া ছাড়াও এ পদে আরো পাঁচজনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নাসিকের ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জনকেও প্রতীক দেওয়া হয়েছে। সকালে প্রতীক পাওয়ার পরপরই জোর প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীক ও মনোনয়নে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নাসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারযুদ্ধ শুরু হলো।

 
নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতীক নিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ নিতে আসায় এবং প্রতীক পাওয়ার পর প্রচারণা শুরু হওয়ায় নারায়ণগঞ্জ কার্যত এখন ভোট-উত্সবের নগরী। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলররা ওয়ার্ডে-ওয়ার্ডে প্রতীক নিয়ে মিছিল করেছেন। প্রতীক বরাদ্দ উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু সড়কে ছিল হাজার-হাজার মানুষের ভিড়। প্রচণ্ড ভিড়ের কারণে শহরের ২ নম্বর রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল প্রায় বন্ধ ছিল। সকাল ৯টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে আসতে শুরু করে, ১০টার মধ্যে কানায়-কানায় পূর্ণ হয়ে উঠে বঙ্গবন্ধু সড়ক। ১০ টা থেকে দুপুর ১টার মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
 
নারায়ণগঞ্জে সন্ত্রাসী থাকবে না, গণরায় মেনে নেব: আইভী
 
‘নৌকা’ প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত্ আইভী তার প্রতিক্রিয়ায় বলেন, নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়- এটিই আমি ধারণ করি। আমি চাই নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হবে না। শান্তির পরিবেশ সবসময় বিরাজ করবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা অতীতে আমার প্রতি আস্থা রেখেছেন। পাশে থেকেছেন। আশা করি এবারও আপনারা আমাকে ভোট দেবেন। নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। শুধু দলের লোকজনও নয়, দলের বাইরের লোকজনও আমার সঙ্গে আছে।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আইভী নৌকা থেকে বিচ্ছিন্ন নয়, নৌকাও আইভী থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইভীর নাড়ির স্পন্দন। জনগণও আইভী ও নৌকা থেকে বিচ্ছিন্ন নয়। তাই আমরা একসঙ্গে একযোগে কাজ করব। কেউ কারো থেকে ছোট বা বড় নয়। গণরায় অবশ্যই মেনে নেব। গণরায়ে যেটা হবে,  সেটাই মেনে নেব।
 
মানুষ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায়
 
দেবে : সাখাওয়াত
 
‘ধানের শীষ’ প্রতীক পাওয়ার পর বিএনপিসহ ২০ দলের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান রিটার্নিং কার্যালয়ের কাছে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ধানের শীষের প্রতি গণজোয়ার তৈরি হচ্ছে। ধানের শীষ জয়লাভ করবে। বিএনপি জিয়ার আদর্শে গড়া দল। এখন এই দলের নেতৃত্বে চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আমাকে এই প্রতীক নিয়ে নির্বাচন করতে বলেছেন। এটি শুধু আমার নয়, এটি দলের নির্বাচন। ধানের শীষের নির্বাচন।
 
সাখাওয়াত আরো বলেন, আমি অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে। সাত খুন মামলায় আমি লড়েছি। নারায়ণগঞ্জের মানুষ আমাকে চেনেন, জানেন।
ইত্তেফাক/এএন