যুদ্ধে হারিয়েছেন স্বামী-ভাই, নিজের সম্ভ্রম, ৪৮ বছরেও মেলেনি স্বীকৃতি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৩৭

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তিযুদ্ধে স্বামী শহীদ হয়েছেন সম্মুখসমরে। বেয়নেটের আঘাতে মারা গেছে ভাই। তিনি হয়েছেন বীরাঙ্গনা। ৪৮ বছরেও মেলেনি সেই বীরাঙ্গনা স্বীকৃতি। ১৪ বছর বয়সে স্বামীকে হারিয়ে ৪৭ বছর ধরে ভাইয়ের সংসারে বসবাস করছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বীরাঙ্গনা জয়ন্তী বালা দেবী। জয়ন্তী বালা দেবীর পার্শ্ববর্তী ভালুকা উপজেলা গোয়ারী গ্রামের উনেস চন্দ্র দেবনাথের ছেলে নিতাই চন্দ্র দেবনাথের সাথে ১৯৬৬ সালে বিয়ে হয়। বিয়ের চার বছরের মাথায় ১৯৭১ সালের গোয়ালিয়াবাজুর এলাকায় সম্মুখসমরে নিতাই চন্দ্র শহীদ হন। পরে জয়ন্তী বালা দেবীকে ক্যাম্পে দুমাস আটকে রেখে পাশবিক নির্যাতন করে পাকহানাদার বাহিনী। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদজায়া জয়ন্তী বালাকে সমবেদনা জানিয়ে চিঠি দিয়েছিলেন। সে সময় তাকে দেয়া হয়েছিল দুই হাজার টাকাও।

জয়ন্তী বালা দেবী বলেন, মুক্তিযোদ্ধা তালিকায় বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়ার জন্য গতবছর অক্টোবর মাসে মন্ত্রণালয়ে আবেদন করেন। যেখানে গিয়েছেন সেখানে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। আপিলে তার নাম টিকিয়ে দেয়ার নাম করে একজন মুক্তিযোদ্ধা ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। ফুলবাড়ীয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক জানান, জয়ন্তী বালা দেবী একজন বীরাঙ্গনা। যুদ্ধে তার স্বামীও শহীদ হয়েছেন। নিজের ভাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বেয়নেটের আঘাতে নিহত হন।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, বীরাঙ্গনা জয়ন্তী বালার সকল কাগজপত্র মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠনো হয়েছে।