কঠোর অবস্থানে প্রশাসন
যশোর অফিস
যশোর শহরের ভৈরব নদের পাড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার উচ্ছেদ অভিযান আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে—জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভৈরব নদ খননে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। হাইকোর্টের প্রতি সম্মান দেখিয়ে ওইসব স্থাপনা ভাঙব না। তবে আমরা হাইকোর্টে নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করব। উচ্ছেদ অভিযান সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ ও র্যাবের পাশাপাশি ফায়ার সার্ভিস দায়িত্ব পালন করবে।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের কাজ চলছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় ৯৬ কিলোমিটার নদ খননের মধ্যে ৭০ মিটার খনন কাজ শেষ হয়েছে। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে বাকি ২৬ কিলোমিটারের মধ্যে শহরাংশের অবৈধ দখলদার উচ্ছেদের কোনো বিকল্প নেই। এর মধ্যে যশোর শহর অঞ্চলে ভৈরব নদের দুইপাড়ের বাবলাতলা ব্রিজ থেকে পূর্ব বারান্দি মাঠপাড়া পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরিহার্য।’
উচ্ছেদ অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হোসেন বলেন, ‘সকাল আটটায় আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। পরিস্থিতির ওপর নির্ভর করছে ক’টা পর্যন্ত তা চলবে।’
