শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি জাদুঘর করার দাবিতে পদযাত্রা

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৩৯

কুমিল্লা প্রতিনিধি

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটিকে সংরক্ষণ করে জাদুঘর স্থাপনসহ নানা দাবিতে ৩৩ কিলোমিটার ‘অদম্য পদযাত্রা’ কর্মসূচি পালিত হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐতিহ্য কুমিল্লা, শিল্পাঙ্গন, দর্পণ থিয়েটার ও কুমিল্লা জনান্তিক এর উদ্যোগে এ কর্মসূচিতে কুমিল্লার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি উত্থাপনকারী অবিসংবাদিত নেতা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়ের বাড়ির সামনে থেকে মঙ্গলবার পদযাত্রা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। পরে তারা কুমিল্লা নগরীর টাউন হল মাঠের শহীদ মিনারে এবং নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বক্তব্য রাখেন, প্রতিবিম্ব থিয়েটারের প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী, কুমিল্লা জনান্তিকের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রনী, দর্পণ থিয়েটারের সভাপতি শরীফ আহমেদ অলী, শিল্পাঙ্গনের পরিচালক ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম রায়হান প্রমুখ। বক্তারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটিকে সংরক্ষণ করে জাদুঘর স্থাপনের দাবি জানান। পরে তারা ৩৩ কিলোমিটার পথ হেঁটে কোল্লাপাথর গিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিজড়িত শহীদ সমাধিস্থল ও বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন।