বেতন-ভাতা পাচ্ছেন না বঙ্গবন্ধু প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারীরা!

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৩৯

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় বঙ্গবন্ধু প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও শিক্ষাদানে প্রাণপণ চেষ্টা করলেও এমপিওভুক্ত বা বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে ১২ জন শিক্ষক-কর্মচারী। উপজেলার তেঁতুলিয়া ইউপির টিটিহারী গ্রামে এ স্কুলটি অবস্থিত।

বঙ্গবন্ধু প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, ২০১৩ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। এ স্কুলের শিক্ষক, অফিস সহকারী, কর্মচারীসহ মোট ১২ জন রয়েছে। স্কুলটিতে শিক্ষার্থীদের আচার-আচরণ, জীবন দক্ষতা, পাঠদান ও শিক্ষাদান, কারিকুলাম (সহপাঠ ক্রমিক) বিষয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার নিমিত্তে নিরন্তর প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব আলম জানান, স্কুলটি রেজিস্ট্রারভুক্ত রয়েছে কিন্তু সরকারিভাবে এ পর্যন্ত কোনো অনুদান প্রদান করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান জানান, এ স্কুলে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো অনুদান দেওয়া হয়নি। তবে স্কুল কর্তৃপক্ষের নজরে রয়েছে।