প্রথম কোয়ালিফাইয়ারে ঢাকার সংগ্রহ ১৪০

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস।
 
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং-এ শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। উপরের সারির ছয় ব্যাটসম্যানই ব্যর্থ হন। ফলে ৮৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে ঢাকা। এরমধ্যে ৩ উইকেট নিয়ে ঢাকাকে বেকায়দায় ফেলেন খুলনার পাকিস্তানী পেসার জুনায়েদ খান।
 
মেহেদি মারুফ ৭, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ১১, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ৯, নাসির হোসেন ১৩, অধিনায়ক সাকিব আল হাসান ১৮ ও মোসাদ্দেক হোসেন ৮ রান করে ফিরেন। তবে ক্যারিবিয়ান দুই খেলোয়াড় আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর কল্যাণে শেষ পর্যন্ত লড়াই করার সংগ্রহ পায় ঢাকা।
 
IMG0
 
সপ্তম উইকেটে ৩২ বলে ৪৯ রান দলকে এনে দেন তারা। ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ২৫ বলে ৪৬ রান করে ফিরেন রাসেল। তবে ২৩ রানে অপরাজিত থেকে যান ব্রাভো। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪০ রান। খুলনার পাকিস্তানী জুনায়েদ ২৪ বলে ৪ উইকেট নেন। বাসস।
 
ইত্তেফাক/এসএসএ