নিউজিল্যান্ডে নিহত জাকারিয়ার দাফন পলাশে সম্পন্ন

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৪১

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত নরসিংদীর পলাশ উপজেলার জাকারিয়া ভুঁইয়ার (৩৪) লাশ বুধবার দাফন করা হয়েছে। পলাশের গজারিয়ার জয়পুরা ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত জাকারিয়া ভুঁইয়া পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে।

মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটে জাকারিয়া ভুঁইয়ার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১১টায় জাকারিয়ার লাশ গ্রহণ করেন তার বড় ভাই আলমগীর ভুঁইয়া ও পলাশ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী এবং সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন।

২০ মার্চ জাকারিয়ার স্ত্রী রীনা আক্তার স্বামীর লাশ আনতে নিউজিল্যান্ড যান। মঙ্গলবার রাতে লাশ নিয়ে দেশে ফিরেন।