বেসিক ব্যাংক অর্থ কেলেঙ্কারি: ২ আসামির জামিন খারিজ, দুদকে সোপর্দ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৬
 
বেসিক ব্যাংক অর্থ কেলেঙ্কারির মামলার দুই আসামিকে জামিন না দিয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে সোপর্দ করেছে হাইকোর্ট। তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
 
জামিন আবেদন খারিজের পরই মামলার দুই আসামি গুলশানের তাহমিনা টাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান ও পরিচালক কাজী রেজওয়ান মনিরুলকে দুদক কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়।
 
১৭ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় তারা হাইকোর্টে আত্মসমর্পন করে জামিন চান। আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
 
গত বছরের ২২ সেপ্টেম্বর গুলশান থানায় এই মামলা দায়ের করে দুদক।
 

ইত্তেফাক/এএম।