ঝিনাইদহে সুপেয় পানির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৪২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ও মাঠপাড়া হরিজন কলোনিতে সুপেয় পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে পোস্ট অফিস মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে হরিজন প্রতিনিধি কবিতা দাস ও কনিকা দাস বলেন, হরিজস কলোনিতে ৩৪টি পরিবার বসবাস করে। কলোনিতে মাত্র দুইটি ব্যবহার উপযোগী টিউবওয়েল আছে। তাদের লাইনে দাঁড়িয়ে পানি নিতে হয়।

আলোমতি দাস বলেন, পানির সমস্যা রয়েছে। তিনি কলোনিতে আরো টিউবওয়েল স্থাপনের দাবি করেন। 

অপর দিকে ‘সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ’ স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশের টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনে পানি সরবরাহ ও জলাধার সংরক্ষণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা দাবি করেন সনাক সহ-সভাপতি নাসরিন ইসলাম। তিনি জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিতের দাবিও করেন।

মানববন্ধনে সনাক সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সনাক সদস্য এনএম শাহজালাল, জেলা দুপ্রকের সদস্য মো. হাফিজুর রহমান ও  মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু নবগঙ্গা নদী দখলমুক্তকরণসহ খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিতের দাবি জানান।