বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য কেনা দু’টি বাস ব্যবহার না করে পাঁচ মাসাধিককাল উপাচার্যের বাসভবনের ভেতরে ফেলে রাখা হয়েছে। কবে বাস দু’টি চালু হবে তা কেউ বলতে পারে না। অপরদিকে পরিবহন সংকটের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও কর্মচারীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন কেনা বাস দু’টি কেন চালু হচ্ছে না এ বিষয়ে পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী হাসান কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য চারটি বাস রয়েছে। এর মধ্যে তিনটি নিজস্ব একটি ভাড়া করা। কর্মকর্তা এবং শিক্ষকদের জন্য পৃথক দু’টি বাস রয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রায় ৯ হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য বাস রয়েছে মাত্র চারটি। পরিবহন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের পর পাঁচ মাস আগে বাস দু’টি কেনা হয়। সেই বাস দু’টি পড়ে থাকায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
