খুলনা অফিস
নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে দ্বন্দ্বে আগামী ১০ এপ্রিল পর্যন্ত খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দারের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আবেদনটি আগামী ৩ এপ্রিলের মধ্যে খুলনার ডেপুটি কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিচারপতি মো. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতে রিটকারী শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। তার সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী।
তবে খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, হাইকোর্টের সিদ্ধান্তের বিষয়ে আমরা এখনো লিখিত কোনো নির্দেশ পাইনি। নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩১ মার্চ ডুমুরিয়াসহ খুলনার ৯টি উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
