পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে এবং জাইকা ও ব্র্যাকের সহযোগিতায় বুধবার কুমিল্লায় পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে র্যালিতে ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাইকা-সি.ফোর.সি প্রকল্প পরিচালক সোহরাব হোসেন, প্রকল্পের টিম লিডার নাউকু আনজাই, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু প্রমুখ। পরে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে এক আলোচনা সভা হয়।
নকলায় বিজ্ঞান মেলার উদ্বোধন
নকলা (শেরপুর) সংবাদদাতা নকলায় বুধবার ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ প্রমুখ।
ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। বুধবার ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। অধ্যক্ষ প্রফেসার মু. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. জাকিরুল হক।
রামগতিতে বিশ্ব পানি দিবস পালন
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা বিশ্ব পানি দিবস উপলক্ষে বুধবার রামগতিতে উপজেলার বালুরচর উচ্চ বিদ্যালয় চত্বর থেকে জনতা বাজার এলাকায় র্যালি বের হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়। বালুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুস সাত্তার বেগ রিফাত। বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মিনার উদ্দিন, সদস্য মো. সাহাবউদ্দিন, মো. সানাউল্যাহ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান সভাপতিত্ব করেন। জেলার ৮৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দুর্গাপুরে ২৬ জন আদিবাসী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলবার। দুর্গাপুর পৌরসভার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদিবাসী লেখক ও গবেষক অধ্যক্ষ রেভা. মনিন্দ্র নাথ মারাক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মানেস চন্দ্র সাহা, সহকারী পরিচালক উত্তম রিছিল প্রমুখ।
কাবাডিতে জয়ী ডোমার পৌরসভা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডোমার উপজেলায় কাবাডি খেলায় বামুনিয়া ইউনিয়নকে ২২-১৪ পয়েন্টে হারিয়ে জয়ী হয়েছে। মঙ্গলবার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে ডোমার থানা পুলিশ। খেলায় থানা অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলীর সভাপতিত্বে পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, সহকারী কমিশনার পুদম পুষ্প চাকমা, আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
হাতিয়ায় দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির উদ্যোগে দ্বীপ উন্নয়ন সংস্থার সম্বৃদ্ধি কর্মসূচির আয়োজন ও ব্যবস্থাপনায় বুধবার দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. জাহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম, ঢাকা থেকে আগত ডা. তমাল কান্তি রায় সরকার, ডা. আব্দুল্লাহ আল জামিল প্রমুখ।
লালমনিরহাটে টিন ও গরু বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি ব্র্যাক অতি দরিদ্র কর্মসূচির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বুধবার অতি দরিদ্রদের মাঝে টিন ও গরু বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. চন্দন কুমার রায়। সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম। এ শাখায় ২৫ জন অতি দরিদ্র সদস্যকে ১০০ পিস টিন এবং ১০ জনকে ১০টি বকনা গরু প্রদান করা হয়।
