সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক বিল পাস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২০:০১
ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্থায়ী পুঁজি গড়ে দেয়া এবং পল্লী অঞ্চলের সকল বাড়িকে কৃষি খামারে রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধান করে বৃহস্পতিবার জাতীয় সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) বিল-২০১৬ পাস করা হয়েছে।
 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে নিবন্ধিত সমিতির ক্ষেত্রে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন ২০০৬-এর বিধানাবলী প্রযোজ্য না করার বিধান করা হয়েছে।
 
বিলে বিদ্যমান আইনের ধারা ৬ক ধারা সন্নিবেশ করার প্রস্তাব করা হয়েছে। নতুন ধারায় বলা হয়, বিদ্যমান আইনে ধারা ৬-এর অধীন ব্যাংকের নিবন্ধিত শেয়ারহোল্ডার প্রত্যেক সমিতি হবে স্বতন্ত্র আইনগত সত্ত্বাবিশিষ্ট একটি সংস্থা এবং এর স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকবে। এ আইনের বিধানাবলী সাপেক্ষে, এর স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকবে এবং সমিতি এর নামে মামলা দায়ের করতে পারবে বা এর বিরুদ্ধেও মামলা দায়ের করা যাবে।
 
বিলে বিদ্যমান আইনের ৩৯ ধারা সংশোধন করা হয়েছে। বিলে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১৬ রহিত করে এর অধীন কৃত কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এ বিধানের অধীন কৃত বা গৃহীত হয়েছে বলে গণ্য করার বিধান করা হয়েছে।
 
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস