পাংশায় স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন শিলপাটা তৈরির শ্রমিকরা। স্বাস্থ্য ঝুঁকি আছে জেনেও অভাবের তাড়নায় এ কাজ করে যাচ্ছেন তারা। আর এ কাজ করতে গিয়ে শ্বাসকষ্ট, যক্ষ্মা, চোখের পোড়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ডের পূর্বপাশে এসআর এন্টারপ্রাইজ নামে পাথরের পাটা প্রস্তুতকারী ও পাইকারি বিক্রেতা নামে একটি প্রতিষ্ঠানে ঝুঁকির মধ্যে কয়েকজন শ্রমিক শিলপাটা তৈরির কাজ করছেন। তাদের হাতে রয়েছে হাতুড়ি আর ছেনি। হাতুড়ি আর ছেনি দিয়ে খটখট শব্দে পাথর কেটে তৈরি করছেন শিলপাটা। ঝুঁকি জেনেও পাথরের ধূলিকণা প্রতিরোধে নাকে বা মুখে নেই কোনো কাপড় বাঁধা। এমনকি কারো চোখে ও হাতে নেই গ্লাভস। খটখট শব্দের সঙ্গে পাথরের ধূলিকণা তাদের নাকে-মুখে মিশে একাকার হয়ে যাচ্ছে।
শ্রমিকরা বলেন, মহাজন যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে পাথরের প্লেট কিনে আনেন। এরপর ওই প্লেট হাতুড়ি ও ছেনির সাহায্যে কেটে শিলপাটা তৈরির পর চাহিদা অনুযায়ী পাংশা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউল হোসেন বলেন, শিলপাটা তৈরির শ্রমিকরা শ্বাসকষ্ট, যক্ষ্মা, চোখের পোড়াদহসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন।
ইত্তেফাক/এএন
