বিশেষ প্রতিনিধি
পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তোলার জন্য জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্ত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গতকাল বুধবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের সহধর্মিণী সেলিনা খালেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আইজিপি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছে। বঙ্গবন্ধুর এ প্রেরণা শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। বঙ্গবন্ধু আমাদের মাঝে স্বাধীনতার বীজ বপন করেছেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু প্রগাঢ়ভাবে বাঙালি জাতিকে ভালোবাসতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা অসমাপ্ত থেকে যাবে। তিনি বঙ্গবন্ধুকে জানতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
সেলিনা হোসেন বলেন, মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর। তিনি ছোটবেলা থেকেই নিজের চেতনায় মানুষকে ভালোবেসেছেন, মানুষকে নিজের বুকে ধারণ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত জনতার মাঝেই নয়, ছড়িয়ে পড়েছিল সারাদেশে।
সেলিনা খালেক বলেন, বর্তমানে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে, উন্নতি হয়েছে। ভবিষ্যতে আরো উন্নতি হবে। তিনি তার প্রয়াত স্বামী বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেককে এ বছর স্বাধীনতা পদক প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এআইজি (ডিএন্ডপিএস) ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আবিদা সুলতানা, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ছাত্রী সানজিদা হক স্নিগ্ধা এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র আব্দুল আহাদ। পরে আইজিপি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
