রুপির অভাবে গ্রামাঞ্চলে বিনিময় প্রথা!
ভারতে সম্প্রতি ৫০০ ও ১ হাজার রুপি নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে হঠাত্ করে তারল্য সংকটের মুখে পড়ে দেশটি। বর্তমানে ভারতের গ্রামাঞ্চলে তারল্য সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, কৃষকদের মধ্যে বিনিময় প্রথা চালু হয়ে গেছে। বিবিসির এক সংবাদে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রামের কৃষকরা তারল্য সংকটের ফলে তাদের উত্পাদিত কৃষিপণ্য অন্যদের সাথে বিনিময় করে তাদের চাহিদা পূরণ করছেন। এদিকে নোট বাতিলের ঘটনায় ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়ে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশ কম হতে পারে বলে প্রাক্কলন করছেন অর্থনীতিবিদরা। এখন বিনিময় প্রথার প্রচলন যত বেশি হবে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাবও তত বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তারল্য সংকট কাটাতে নোট ইস্যু ভেনিজুয়েলায়
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার গত মাসে মুদ্রার মান ডলারের বিপরীতে ৬০ শতাংশ কমে গেছে। এতে দৈনন্দিন কাজে বা যে কোন পণ্য ও খাদ্যদ্রব্য কিনতে দেশটির বাসিন্দাদের অনেক বেশি বলিভার খরচ করতে হচ্ছে। ফলে তারল্য সংকট প্রকট হয়ে উঠে। তাছাড়া তাদের সর্বোচ্চ বলিভার নোট হলো— ১০০ মানের। এতে মুদ্রাগত সংকট আরও গভীর হয়ে উঠে। এ পরিস্থিতি নিরসনে ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক ৫০০ ও ২০০০ বলিভার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ফলে কেনাকাটায় বা সেবা গ্রহণের পরে মূল্য পরিশোধ অনেক সহজ ও কার্যকর হবে। এছাড়া একই পরিমাণ অর্থের ছোট নোট ছাপাতে যে বাড়তি ব্যয় হয় তা থেকেও বাঁচা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে গত সপ্তাহে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহ করতে না পারায় দেশটির প্রায় সব এটিএম বুথ বন্ধ করে রাখা হয়।
