চকবাজার ট্রাজেডি
ইত্তেফাক রিপোর্ট
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড শুরুর ভিডিও ফুটেজ দেওয়ায় রাজমহল হোটেলের মালিককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেল মালিক মোহাম্মদ আজম চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি’র তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ২৫ মার্চ হোটেলের মালিক থানায় জিডি করেছেন। জিডিতে অভিযোগ করা হয়েছে, ৬৪, নন্দকুমার দত্ত রোড, ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসান তার মোবাইল ফোন থেকে গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে তার মোবাইল ফোনে ফোন দেন। ফোনে হাসান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। তিনি (আজম) তার কাছে কারণ জানতে চাইলে তাকে অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ ও ছবি কেন সবার কাছে দিয়েছেন-তা জানতে চান।
আজম বলেন, পরিবারের সঙ্গে আলাপ করে গত ২৫ মার্চ চকবাজার থানায় একটি জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তিনি বলেন, ‘আমি কাউকে কোনো ফুটেজ দেইনি। ঘটনার পর পুলিশ সব নিয়ে গেছে। তারপরও আমাকে হাসান দায়ী করছেন। তিনি এলাকার অনেককেই ফোন করে গালিগালাজ করছেন। আমি উপায় না পেয়ে জিডি করেছি।’
ওয়াহেদ ম্যানশনের পাশে থাকা রাজমহল হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়েছে। এরপর পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। সেই ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ ব্যাপারে জিডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, হুমকির বিষয়ে হোটেলের মালিক থানায় জিডি করেছেন। জিডিটি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৭০ জন নিহত হয়।
