ইত্তেফাক রিপোর্ট
বিল পরিশোধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে সিজিএ অফিসে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব-এর নেতৃত্বে পুলিশসহ ৫ সদস্যের এনফোর্সমেন্ট টিম সিজিএ অফিসের স্বাস্থ্য, শিক্ষা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ অভিযান চালায়। সিজিএ অফিসে কোনো ধরনের বিল ঘুষ ছাড়া পাস করা সম্ভব হয় না বলে দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে গিয়ে দুদক টিমের সদস্যরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পেনশনভোগীদের সঙ্গে কথা বলেন। একজন পেনশনভোগী দুদক টিমের কাছে অভিযোগ করেন যে, এক অডিটর তার পেনশন প্রদানে নানা ভোগান্তির সৃষ্টি করছেন। দুদক টিম উক্ত অভিযোগের বিষয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে জানালে তিনি উল্লিখিত কর্মচারীকে যথাযথভাবে দায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা দুদক টিমকে অবহিত করেন যে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নানাবিধ বিল প্রদান করা হচ্ছে এবং এর সুফল সেবাপ্রার্থীরা ভোগ করতে পারছে। অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা দুদককে জানান, ভুয়া পেনশনভোগীদের কারণে অনেক সময় প্রকৃত সেবাপ্রার্থীরা সেবা প্রাপ্তিতে বিলম্বের শিকার হন। এরূপ অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি দুদক টিমের সাহায্য প্রার্থনা করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা দুদককে বলেন, এসব ক্ষেত্রে দুদকের নজরদারি অব্যাহত থাকলে বিভিন্ন দপ্তরে বিরাজমান দুর্নীতির মাত্রা আশাব্যঞ্জকহারে হ্রাস পাবে। অপর এক অভিযানে দুদক ময়মনসিংহ কার্যালয়ের একটি টিম তিতাস গ্যাস সংযোগ প্রাপ্তিতে দুর্নীতির অনুসন্ধান চালায়।
