আজ ১০ ডিসেম্বর। দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাদের পুতে রাখা মাইন বিস্ফোরণে মিত্রবাহিনীর একজন ক্যাপ্টেনসহ পাঁচ ভারতীয় সেনা সদস্য শহীদ হন।
প্রবীণ শিক্ষক শিব নারায়ণ গুপ্ত বলেন, ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি সেনাদেরকে ফুলবাড়ি থেকে বিতাড়িত করতে বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী ৪ ডিসেম্বর ফুলবাড়িকে পাকিস্তানি হানাদার মুক্ত করেন। ফুলবাড়িকে শত্রুমুক্ত রাখতে ১০ ডিসেম্বর জিপ গাড়িতে চড়ে টহল দেয়ার সময় ফুলবাড়ি-দিনাজপুর সড়কের লোহার বড় ব্রিজের পশ্চিম তীরে শত্রু সেনাদের পুতে রাখা মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন ক্যাপ্টেনসহ পাঁচজন ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়। পরে তাদের সরকারি কলেজের পূর্ব পাশে শাখা যমুনা নদীর পশ্চিম তীরে শেষকৃত্য সম্পন্ন করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী বলেন, ভারতীয় সেনা সদস্যদের স্মৃতিস্তম্ভটিকে সংস্কারসহ সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার পাশাপাশি স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/এএন
