জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক জোট গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রাজনৈতিক জোট গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এ রিট করেন। রিটে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় সংসদের স্পিকার, ২০ দল ও ১৪ দলের সভাপতিদের বিবাদী করা হয়েছে।
এসব জোটকে কেন বেআইনি ঘোষণা করা হবে না; এই মর্মে রুল জারির জন্য আবেদন জানানো হয়েছে। রিটে বলা হয়, নির্বাচনের পূর্বে জোট করা গণপ্রতিনিধিত্ব আদেশের ১২, ৯০-এ ও সি ধারার সঙ্গে সাংঘর্ষিক। কারণ সংবিধানের ৩৮, ১৫২ ক অনুযায়ী রাজনৈতিক দল গঠনের অধিকার দেয়া থাকলেও নির্বাচনের পূর্বে জোট করা সংবিধানের ৩১ অনুচ্ছেদের পরিপন্থী। যারা নির্বাচনের পূর্বে জোটভুক্ত নির্বাচন করেছে তাদের নির্বাচন সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যথাযথ হয়নি।
ইত্তেফাক/এএম।
