সুবর্ণচরে গণধর্ষণ

রুহুলসহ ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:২৩

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে বহুল আলোচিত গণধর্ষণের ঘটনায় জড়িত ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে জেলা ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকালে জেলার সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি আবুল খায়ের জানান, ঘটনার মূলহোতা রুহুল আমিনসহ গ্রেপ্তারকৃত ১১ জন ও পলাতক আরো ৫ আসামির বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে গণধর্ষণের শিকার হন চার সন্তানের জননী। এ ঘটনায় পরদিন ৩১ ডিসেম্বর ধর্ষিতার স্বামী নয়জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করেন। পরে জেলা ডিবি পুলিশের কাছে এ মামলা হস্তান্তর করা হয়। ঘটনার পরপর এ মামলার ৭ আসামি ও ঘটনার হুকুমদাতা রুহুল আমিনসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এমনকি ওই ধর্ষিতা নারীরও জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

আলোচিত এই ধর্ষণ মামলায় যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন: মো. সোহেল, মো. হানিফ, স্বপন, চৌধুরী, ইব্রাহিম খলিল বেচু, বাদশা আলম বাশু, আবুল হোসেন আবু, মোশারফ হোসেন, সালাউদ্দিন, রুহুল আমিন, হাসান আলি বুলু, জসিমউদ্দিন, হাসান হেনজু মাঝি ও মুরাদ। পলাতক আরো দুই জনের নাম চার্জশিটে উল্লেখ করেনি পুলিশ।