গণপূর্ত’র প্রধান প্রকৌশলীর মুক্তিযোদ্ধা সনদ কেন বাতিল নয়: হাইকোর্ট

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ২০:৫০
গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান ওরফে টিপু মুন্সিকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তভূক্তিকরণ এবং তাকে দেওয়া সনদ কেন বাতিলের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে কোন কর্তৃত্ববলে তিনি প্রধান প্রকৌশলী পদে বহাল আছেন, তা-ও জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সচিবসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। 
 
হাফিজুরের মুক্তিযোদ্ধা সনদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন আইনজীবী মো. তারিক হাসান খান। আবেদনে বলা হয়, ১৯৮১ সালে মো. হাফিজুর রহমান মুন্সি যখন চাকরিতে প্রবেশ করেন, তখন মুক্তিযোদ্ধার বিষয়টি উল্লেখ করেননি। ২০১০ সালের ২৫ জুলাই জারি করা গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে টিপু মুন্সির নাম উল্লেখ করা হয়। ২০১৩ সালের ২৮ ডিসেম্বর তিনি দুই দফায় চাকরির মেয়াদ বৃদ্ধি করে গণপূর্ত বিভাগে কর্মরত আছেন। পরে এক তদন্ত রিপোর্টে দেখা যায় টিপু মুন্সির মুক্তিযোদ্ধার সনদ ভুয়া। গত ২২ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এই প্রতিবেদন দেওয়ার পরও কাউন্সিল সনদ বাতিলে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। 
 
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এবং আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। 
 
 
ইত্তেফাক/এমআই