শোক সংবাদ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:২৩

গিয়াস উদ্দিন মোল্লা

বরিশালের আগৈলঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন মোল্লা (৬২) ঢাকার ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুর সংবাদ শুনে বুধবার সকালে মরহুমের বাড়ি ছুটে যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, ইউএনও বিপুল চন্দ্র দাস প্রমুখ। গতকাল বাদ আছর জানাজা শেষে সুজনকাঠি গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

নূরুল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশিত প্রথম দৈনিক ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র প্রকাশক ও সম্পাদক নূরুল হোসেন (৭০) মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। গতকাল বুধবার নাসিরনগরে গুনিয়াউক জমিদার বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। নূরুল হোসেন নাসিরনগরের গুনিয়াউকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাইপো বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

স্বপন মহাজন

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার মহাজন (৬৭) গতকাল বুধবার চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকালে তার মরদেহ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আনা হলে সিইউজে’র পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ প্রমুখ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ।