মাহমুদুল ইসলাম পাভেলের দুর্দান্ত নৈপুণ্যে ভোরের কাগজকে হারিয়ে শেষ আটে উঠে গেল দৈনিক ইত্তেফাক। ভোরের কাগজের দেয়া ৭২ রানের লক্ষ্যে পৌঁছাতে ইত্তেফাক খরচ করেছে ৫ ওভার ২ বল, হাতে ছিল তিন উইকেট।
সোমবার দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দৈনিক ইত্তেফাকের অধিনায়ক অলোক বিশ্বাস। ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৭১ রান সংগ্রহ করে ভোরের কাগজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দৈনিক ইত্তেফাকের। ৪ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৪২। দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাসুম ও রিয়াদ ১১ করে সংগ্রহ করেন। একপ্রান্তে অলোক বিশ্বাস দাঁড়িয়ে থাকলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতন হয়। শেষ ২ ওভারে ইত্তেফাকের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। কিন্তু সেই লক্ষ্যকে বেশ সহজ করে ফেলেন পাভেল। তার ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায় দৈনিক ইত্তেফাক। ব্যক্তিগত ২৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন মাহমুদুল ইসলাম পাভেল। ইত্তেফাকের পক্ষে মাসুম, এনামুল হক ও সাব্বির একটি করে উইকেট পেয়েছেন।
ইত্তেফাক/এএম।
