জিএম কাদেরকে স্ব-পদে বহালের দাবি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:৩৯

জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন রংপুরে জাপা নেতা-কর্মীরা। তারা দলের চেয়ারম্যানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, আগামী ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে স্ব-পদে পুনর্বহাল করা না হলে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে গণঅব্যাহতি নিবে রংপুর বিভাগের নেতা-কর্মীরা। এর পাশাপাশি এই বিভাগে দলের সকল কার্যক্রম প্রতিহত করা হবে। গতকাল বুধবার দুপুরে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলের প্রেসিডিয়াম সদস্য, রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা।

মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, আমরা রংপুর বিভাগের আট জেলার মহানগর, পৌরসভা ও উপজেলার নেতৃবৃন্দ দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। জাতীয় পার্টিকে বাঁচাতে দলীয় প্রধানের ভুল সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় পার্টিকে ধ্বংসে গভীর এবং পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। কুচক্রী মহলের প্ররোচনায় জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। জাতীয় পার্টির মূলধারার কোনো স্তরের নেতা-কর্মীর পক্ষেই কাদের স্যারের অব্যাহতি মেনে নেওয়া সম্ভব নয়।  আগামী ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা না হলে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে গণঅব্যাহতি নিবে জেলার নেতারা। সেসাথে দলের সব কার্যক্রম প্রতিহত করা হবে।

জাতীয় পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সাবেক কাকসু ভিপি আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এছাড়াও লালমনিরহাট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, গাইবান্ধার সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, দিনাজপুরের সাধারণ সম্পাদক আহম্মেদ রুবেল, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আবু সালেক, ঠাকুরগাঁওয়ের রাহুল হাসান, লালমনিরহাটের এসকে মামুনসহ রংপুর জেলা ও মহানগরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।