চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। চবির সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনকে ভুয়া মুক্তিযোদ্ধা বলায় এ মামলা দায়ের করেন তিনি।
মামলার বাদী ড. গাজীর আইনজীবী মুজিবর রহমান চৌধুরী জানান, গত ২৮ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে চবির প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম চৌধুরীর স্মরণসভার আলোচনায় ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাদীকে ভুয়া মুক্তিযোদ্ধা বলেন। এতে সম্মান ক্ষুণ্ণ হওয়ায় গাজী সালেহ উদ্দিন এ মামলা করেছেন।
তিনি আরো বলেন, আদালত মামলা আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও মামলার বাদী ড. গাজী সালেহ উদ্দিন উভয়ই সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক। ড. গাজী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।
ইত্তেফাক/ইউবি
