বালিয়াকান্দিতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:৩৯

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলসীবরাট গ্রামে মন্দিরের দুইটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে মন্দিরে থাকা কালী প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান স্থানীয়রা।

শ্মশানকালী মন্দির কমিটির সভাপতি নেপাল রাজ বলেন, সকালে স্থানীয়রা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর দেখতে পেয়ে আমাকে জানায়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার সরকার বলেন, মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর দেখে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ গ্রেফতার করা হবে। এ ব্যাপারে ফোর্স নিয়োগ করা হয়েছে।