'নারীদের উন্নয়নের মূলধারায় আনতে হবে'

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২২:০৪
 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, 'নারীদের উন্নয়নের মূলধারায় নিয়ে আনতে না পারলে এসডিজি অর্জন কষ্টসাধ্য হবে।' 
 
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারীদের উন্নয়নের মূলধারায় আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। কর্মক্ষেত্রে নারীর শ্রমের মর্যাদা বৃদ্ধি পেলে এবং নারীর কাজকে সঠিকভাবে মূল্যায়ন করলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত গতিতে এগিয়ে যাবে। 
 
আজ সোমবার রাজধানীর দৈনিক ইত্তেফাক কার্যালয়ের সেমিনার কক্ষে ইত্তেফাক পাবলিকেশনস লিমিটেড এর আয়োজনে ‘নারীর মজুরিবিহীন শ্রম: মূল্যায়ন ও স্বীকৃতি’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
 
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক তানিয়া হক, রাশেদা রওনক খান, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, সাংবাদিক আশিস সৈকত, সুপ্রীতি ধর, নাসিমুন তারা মিনু, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ডা. প্রতিমা পার মজুমদার, সদ্য রোকেয়া পদক প্রাপ্ত অ্যারোমা দত্ত, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর ও বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব আবজাল হোসেন। 
 
ডেপুটি স্পিকার বলেন, আমাদের দেশে কর্মক্ষেত্রে নারীর মজুরিবিহীন শ্রম কোথাও আছে বলে আমার জানা নেই। তবে নারীর গৃহস্থলীর কাজকে আর্থিক মূল্য দিয়ে পরিমাপ করা সম্ভব নয়, সেটি উচিতও নয়। এটি একটি মানবিক বিষয়, যার সঙ্গে জড়িয়ে আছে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। তবে গৃহে নারীরা যেসব কাজ করেন অবশ্যই আমাদের সেটিকে যথার্থ মুল্যায়ন করা উচিত।মর্যাদাসহকারে তাদের কাজের স্বীকৃতি দেয়া উচিত।
 
 
ইত্তেফাক/কেকে