ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক

৩০ এপ্রিলের মধ্যে তথ্যভিত্তিক প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:৩৯

ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের তথ্য চেয়েছে হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিষয়ে তথ্য-ভিত্তিক প্রতিবেদন দাখিল করতে বিআরটিএ চেয়ারম্যান, পুলিশের আইজি, ও বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালত বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। সকল নাগরিককে আইন মেনে চলতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না।

ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি নিয়ে একটি ইংরেজি দৈনিকে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ৭০ হাজারের বেশি পরিবহন গত দশ বছরে তাদের ফিটনেস সার্টিফিকেট নবায়ন করেনি। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।  পরে এ বিষয়ে মতামত জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট  এএম আমিনউদ্দিন আদালতে বলেন, গণপরিবহনকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। ফিটনেসবিহীন কোন গাড়ি সড়কে চলতে দেয়া উচিত নয়। পরে হাইকোর্ট ওই প্রতিবেদন আমলে নিয়ে অন্তবর্তীকালীন আদেশ  ও রুল জারি করেন।

রুলে ফিটনেস, নিবন্ধনহীন যান চলাচল ও লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক গোলাম রাব্বানীকে ৩০ এপ্রিল আদালতে হাজির থাকতে বলা হয়েছে।