দিনাজপুরে একটি চালকলের বয়লার বিস্ফোরণে চারজন গুরুতর দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার তিন নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারের কাছে বাউড়ার মোড় এলাকায় কালু হাজীর রাইস মিলে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- রানীগঞ্জ গ্রামের খোকন উদ্দীনের ছেলে গুলজার হোসেন (৩৫), রুস্তম আলীর ছেলে নুর ইসলাম (১৫), আমজাদ হোসেনের কন্যা আনোয়ারা বেগম (৩৫) ও খমির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। এদের মধ্যে নুর ইসলাম মিলের শ্রমিক এবং অন্য তিনজন মিলের পাশে বসবাস করেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদুর রহমান মাসুদ জানান, আহত গুলজার হোসেনের অবস্থার অবনতি হলে রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, কালু হাজী মারা যাওয়ার পর ওই মিলটি ভাড়ায় পরিচালনা করে আসছিলেন স্থানীয় বাবু নামে এক ব্যবসায়ী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ধান ভাপানোর সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে মিলের শ্রমিক নুর ইসলাম এবং শীত নিবারনে বয়লারের চুলায় আগুন পোহাতে আসা গুলজার হোসেন, আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয় তিন নম্বর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
