দুলাভাইয়ের চাপাতির কোপে শ্যালক খুন, স্ত্রী-শাশুড়ি জখম

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:১১

গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় এক ব্যক্তির চাপাতির কোপে তার শ্যালক নিহত এবং শাশুড়ি ও স্ত্রী জখম হয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক মুসা আলম (৪৫) পলাতক রয়েছে। নিহত আশিকুর রহমান (১৮) স্থানীয় জোলারপাড় এলাকার আল আমিনের ছেলে। তিনি এ বছর পোড়াবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। আহতরা হলেন মুসা আলমের শাশুড়ি আসমা বেগম এবং তার স্ত্রী আজমিন আক্তার।

নিহতের ছোট বোন খুশি আক্তার জানান, মুসা আলমের দ্বিতীয় স্ত্রী আজমিন আক্তার। ৫ বছর আগে গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চর এলাকার জাবেদ আলমের ছেলে মুসা আলমের সঙ্গে আজমিন আক্তারের বিয়ে হয়। তারা উত্তর সালনা এলাকায় রাজিয়া খাতুনের বাড়িতে ভাড়া থাকেন। আজমিন স্থানীয় প্রীতি গ্রুপের ডটকম সোয়েটার কারখানায় চাকরি করেন এবং স্বামী মুসা আলম কাঁচামালের ব্যবসা করেন। বিয়ের পর তারা দু’জনই দুই বছর ওমান প্রবাসী ছিলেন। ওমান থেকে ফিরে আসার পর থেকেই আজমিন-মুসার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রতিমাসেই মুসা আলম তার স্ত্রীর বেতনের টাকা তাকে দিতে বলতো। কিন্তু স্ত্রী সব টাকা দিতে রাজি হতেন না। মঙ্গলবার এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আজমিনকে মারধর করে মুসা আলম। পরে আজমিন বিষয়টি তার মা ও ছোট ভাইকে জানান। খবর পেয়ে জোলারপাড় বাসা থেকে মা ও ভাই আজমিনের বাড়িতে যায়। পরে মারধরের কারণ জেনে আজমিনকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হন মা। ফেরার পথে দক্ষিণ সালনা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই রাত সাড়ে ১০টার দিকে মুসা আলম পেছন থেকে এসে আশিকের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়। এসময় মা ও বোন এগিয়ে গেলে তাদেরও আঘাত করে মুসা আলম পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আশিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, অভিযুক্ত মুসা আলমকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।